গাজী বুরহান উদ্দিন সড়কের বাঘা অংশ দ্রুত সংস্কার দাবিতে ৬ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

প্রকাশিত October 9, 2024
গাজী বুরহান উদ্দিন সড়কের বাঘা অংশ দ্রুত সংস্কার দাবিতে ৬ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গাজী বুরহান উদ্দিন সড়কের বাঘা ইউনিয়ন অংশ দ্রুত সংস্কারের দাবিতে এলাকার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইমরান আহমদ এবং সহ সমন্বক শাহাদাত, সুফী ও তাজের আহ্বানে মঙ্গলবার, ৮ অক্টোবর চলাচলের অনোপযোগী সড়কটির ৬ কিলোমিটার জুড়ে আয়োজিত মানববন্ধনে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও যানবাহন চালকরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনের প্রধান উদ্যোক্তা ইমরান আহমদ দুই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে বলেন, অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যান্য বক্তা অভিযোগ করেন, গত ৬-৭ মাস আগে খান্দা-খন্দে ভরা এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও বাঘা ইউনিয়ন অংশের কাজ এখনো শেষ হয়নি। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি যন্ত্রণা পোহাচ্ছেন শিক্ষার্থী ও রোগীরা। বাঘা থেকে সিলেট মহানগরীতে আসতে যেখানে আগে সময় লাগতো ৩০-৩৫ মিনিট সেখানে এখন ২ ঘণ্টা লাগছে।