গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই : সিলেট জেলা প্রেসক্লাবে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন

প্রকাশিত December 26, 2023
গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই : সিলেট জেলা প্রেসক্লাবে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প নেই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেনা। এবারের সংসদ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সরকারও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।
মঙ্গলববার, ২৬ ডিসেম্বর (১১ পৌষ) সকাল ১১টায় সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, বিপুল সম্পদ থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্য প্রক্সিযুদ্ধের কারণে ধ্বংসের মুখে। তাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার জন্য শেখ হাসিনা সরকারের দরকার আছে। আওয়ামী লীগ সরকার এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়তে চায়।
সাংবাদিকরা সামজের দর্পন ও বিবেক উল্লেখ করে ড এ কে আব্দুল মোমেন সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ধীরগতির কারণ অনুসন্ধান করে সংবাদ-প্রতিবেদন প্রকাশের আহবান জানান।
একই সঙ্গে তিনি হাওর অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপযোগিতা, ইপিজেড অঞ্চলে স্থানীয়দের বিনিয়োগ ও স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানির সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গেুলো তুলে ধরতেও সাংবাদিকদের প্রতি আহবান জানান।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, দৈনিক জনকণ্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সহসভাপতি মো মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি