নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোন দলের নয়-কৃতিত্ব শুধু ছাত্র-জনতার। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।
তিনি আরো বলেছেন, এই গণঅভ্যুত্থানে তাদের অনেক শহীদের ত্যাগ রয়েছে। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা অফিসারের ত্যাগ দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে তা শেষ হয়েছে।
ডা শফিকুর রহমান বলেছেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে একটি সাময়িক পরিবর্তন হয়েছে। একে স্থায়ী রূপ দিতে হলে প্রয়োজন সৎলোকের শাসন ও আল্লাহর আইন। যেখানে দল-মতের উর্ধ্বে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। আমরা কাজের মাধ্যমে দেশবাসীর প্রকৃত ভালোবাসা অর্জন করতে চাই। সংখ্যালঘু-সংখ্যাগুরু ভেদাভেদ চাইনা। এমন সমাজ গঠন করতে চাই যেখানে মসজিদের মতো মন্দিরেও পাহারার প্রয়োজন হবেনা। যদি কেউ আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায় তাহলে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে। দেশকে ভালবাসতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে।’
শুক্রবার, ১১ অক্টোবর (২৬ আশ্বিন) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান ও জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান।