সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। চরিত্র গঠন, টিমওয়ার্ক গড়ে তোলা ও স্বাস্থ্যকর জীবনযাত্রার উন্নয়নে খেলাধুলার বিকল্প নেই।
ফুটবল বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ও উত্তেজনাপূর্ণ খেলা উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘ফুটবল লীগকে কেন্দ্র করে খেলোয়াড় ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখে আমি বিমোহিত। প্রাকৃতিক-নৈসর্গিক সৌন্দর্যঘেরা মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুপরিসর খেলার মাঠটির আরেকটি সৌন্দর্য হচ্ছে বছরব্যাপী নিয়মিত খেলাধুলার আয়োজন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের ফলে এখানকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটছে পরিপূর্ণভাবে। আমরা সেটা ধরে রাখতে চাই।’
মঙ্গলবার. ১০ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ১০ দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘লিগ এম’ উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক ও রেজিস্ট্রার তারেক ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্সের ডিন প্রফেসর ড তাহের বিল্লাল খলিফা, স্কুল অব ল’র ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা রেজিস্ট্রার তারেক ইসলাম, পরিচালক (অর্থ) মো এনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালেহ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো হাসানুর রহমান সোহাগ ও মো ফারদিন হাসান মেরাজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং স্পোর্টস ক্লাবের সংগঠক ও সদসবৃন্দ।
এবারের ফুটবল লীগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ১৫টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধন পর্বে এম ইউ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মাহদী হাসান চৌধুরী ফাহিম ও সেক্রেটারি এনায়েত আলী হাবিব উপাচার্যের সঙ্গে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন। সংবাদ বিজ্ঞপ্তি