জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, মানসিক বিকাশে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। এতে শারীরিক বিকাশের পাশাপাশি মেধা-মননের বিকাশ ঘটে। এজন্য ক্রীড়াক্ষেত্রে জয়-পরাজয়ের চিন্তা না করে অংশগ্রহণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
শনিবার, ২৪ ফেব্রুয়ারি (১১ ফাল্গুন) সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিভাগীয় কমিশনার কার্যালয় ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, সিলেট আয়োজিত বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আবদুল্লাহ খান। এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো আসিব আহসান এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরা হবে মূল হাতিয়ার। এই নবীনরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে।
বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে ক ও খ ক্যাটাগরিতে বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। এতে পৃথক ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ ও বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিআইডি সিলেট