খুনের রাজত্ব কায়েম করতে দেশপ্রেমিক ৫৭ সেনা অফিসারকে হত্যা করে আওয়ামী লীগ : ডা শফিক

প্রকাশিত December 22, 2024
খুনের রাজত্ব কায়েম করতে দেশপ্রেমিক ৫৭ সেনা অফিসারকে হত্যা করে আওয়ামী লীগ : ডা শফিক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ জাতিকে জানিয়ে দিয়েছিলো, ক্ষমতায় এলে তারা খুনের রাজনীতি করবে। সেই খুনের রাজত্ব কায়েম করতেই দেশপ্রেমিক চৌকস ৫৭ সেনা অফিসারকে হত্যা করা হয়। এছাড়াও বিডিআরকে ধ্বংস করে চাকরিচ্যুৎ করা হয় সাড়ে ১৭ হাজার সদস্যকে। সাড়ে ৮ হাজার জনকে কারাদণ্ডও দেওয়া হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা শফিকুর রহমান বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষনেতাদের পাতানো রায়ে হত্যা দলের উপর আঘাত নয় এটি ছিলো বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপরে আঘাত; কিন্তু আপসোস, তখন সম্মিলিতভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে পারলাম না।
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো ইয়ামীর আলীর সঞ্চালনায় সম্মেলনে দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।