বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী লীগ আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। তারা বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। গুরুতর অসুস্থ নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে নিতে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ; কিন্তু সরকার সেই দাবি উপেক্ষা করে আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এর পরিণতি ভালো হবেনা। এমন অমানবিক ও জঘন্য কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে জাতি কোনদিন ক্ষমা করবেনা। সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে আওয়ামী লীগকে চড়া মূল্য দিতে হবে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহ জামাল নূরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি