খালেদা জিয়াকে বাদ রেখে দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির

প্রকাশিত August 19, 2023
খালেদা জিয়াকে বাদ রেখে দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একাধিকবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি এখন গুরুতর অসুস্থ। দেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। ডাক্তাররা জানিয়েছেন বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন; কিন্তু সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে।
তিনি আরও বলেছেন, সরকার এখন বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে একতরফা নিশিরাতের আরেকটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে; কিন্তু দেশের মানুষ জেগে উঠেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তাকে বাদ রেখে দেশে কোনো একতরফা নির্বাচন করতে দেওয়া হবেনা।
শনিবার, ১৯ আগস্ট বিকেলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সবাবেশে বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্ব এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহসম্পাদক আব্দুর রাজ্জাক, জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও মহানগরের সাবেক যুগ্মআহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশবাসী নিজেদের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা না হলে দেশ এই সংকট থেকে মুক্ত হবে না।
পদযাত্রাটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোবহানীঘাট পয়েন্ট গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি