খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : কোম্পানীগঞ্জে কৃষক সমাবেশে জেলা প্রশাসক

প্রকাশিত October 13, 2022
খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : কোম্পানীগঞ্জে কৃষক সমাবেশে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বিশ্বব্যাপী ভবিষ্যত খাদ্য সংকটে বাংলাদেশের উপর যাতে প্রভাব কম পড়ে সে জন্যে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, উৎপাদন বৃদ্ধিতে সরকার সার্বক্ষণিক কৃষকদের পাশে আছে এবং সকল প্রকার সহায়তা দিয়ে যাবে।
তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো জমি খালি না রেখে সকল পতিত জমিতে চাষাবাদ করতে সকলের প্রতি আহবান জানান।
মো মজিবর রহমান কৃষকদেরকে ধানের পাশাপাশি ডালসহ অন্য জাতীয় ফসল উৎপাদনে এগিয়ে আসারও অনুরোধ জানান।
তিনি সরকারি কৃষি সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলা পরিষদ হতে কৃষকদের এক লাখ টাকার প্রণোদনা দেওয়ার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩০০ কৃষকের মধ্যে এক লাখ টাকার সরিষা বীজ বিতরণ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে কৃষক সমাবেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক খয়ের উদ্দিন মোল্লা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ এবং উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।