নিজস্ব প্রতিবেদক : সিলেটে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতায় অগণিত বীর শহীদের রক্তেসিক্ত সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভূমিতে ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’ গড়ে তোলা হয়েছে। আগামী শনিবার, ৪ মার্চ তা সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে। তবে প্রথমদিন কেবল শহীদ পরিবারের সদস্যরা সেখানে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠানের আয়োজন থাকছে।
‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’ গড়ার মূল উদ্যোক্তা শহীদ ডা শামসুদ্দিন আহমদের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা জিয়াউদ্দিন আহমদ। প্রকল্পটির বাস্তবায়নে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক। সহযোগিতায় বিশ্ব সিলেট সম্মেলনে সংযুক্ত বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা দিয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর ধোপাদিঘির উত্তরপাড়ে একটি অভিজাত হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে ডা জিয়াউদ্দিন আহমদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের স্মারক গড়ে তোলা হয়েছে; কিন্তু এতবড় জেনোসাইড হওয়া সত্ত্বেও বাংলাদেশে হয়নি।
তিনি বলেন, প্রায় দুই বছরের প্রচেষ্টা, বেতার-টেলিভিশনে প্রচারণা এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার করে শেষ পর্যন্ত ১৫টি শহীদ পরিবারের নিকট থেকে সাড়া পাওয়া যায়।
কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক বলেন, একাত্তরের গণহত্যাসহ অনেক কিছু সম্পর্কে নতুন প্রজন্ম ধারণাই করতে পারছেনা। তাই মুক্তিযুদ্ধকে দৃশ্যমান করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মোট ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। এ পর্যন্ত পাওয়া শহীদদের নাম-ঠিকানা তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে বসার জায়গা ও পাঠাগার গড়ে তোলা হবে। নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে পূর্বদিকের রাস্তাটি খুলে দেওয়া সহ চলাচলের উপযোগী করা হয়েছে।
শহীদ পরিবারের সদস্যরা দুপুর ১২টায় ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’ পৌঁছে এক ঘণ্টা অবস্থানকালে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করবেন।
এরপর বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন।
শহীদ পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা স্মারকও উপহার দেওয়া হবে।