সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগ তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার ১০ জুলাই সন্ধ্যায় দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় বলে অভিযোগ করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আবেগ ও অনুভূতির আশ্রয়স্থল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এবং জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারে সন্নিকটে ঠিক সেই মুহূর্তে দলের প্রতি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্র সংঘবদ্ধভাবে সশস্ত্র হামলায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও অফিসে টানানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন সুস্থ চিন্তার কোন মানুষ এমন ন্যাক্কারজনক ঘৃণ্য কাজ করতে পারেনা। এরা প্রকৃত দুর্বৃত্ত ও সন্ত্রাসী। দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের কোনো দল নেই। যে দলেরই হোক এরা অপরাধী।’
নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীন দেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননা দেশপ্রেমিক সিলেটের শান্তিপ্রিয় জনগণ কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনা। সংবাদ বিজ্ঞপ্তি