সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির টিম ‘এগ্রি মার্কেটপ্লেস বিডি’ হাল্ট প্রাইজ নাইরোবি-২০২৪ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে জায়গা করে নিয়েছে।
এগ্রি মার্কেটপ্লেস বিডি আগামী ৭ জুন থেকে ৯ জুন কেনিয়ার স্ট্রাথমোর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করবে।
সারা বিশ্বের একশর অধিক দেশ থেকে ১০ হাজারেরও বেশি টিম এ প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে ৩৬০টি টিম আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির মার্কেটকে অনলাইন ভিত্তিক আরও শক্তিশালী করার সুযোগ তৈরিতে এগ্রি মার্কেটপ্লেস প্রতিযোগিতার সুযোগ পেয়েছে ।
হাল্ট প্রাইজ আন্তর্জাতিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের মোমিনুল হক সিফাত, উর্মি সিনহা, বায়োটেকনোলজি অনুষদের তাসনিম সায়েম, কৃষি প্রকৌশলী অনুষদের ধ্রুব সিদ্দিকী ও নোমান আবদুল্লাহ।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে টিম এগ্রি মার্কেটপ্লেস বিডিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা ও বাংলাদেশে কৃষির মার্কেটকে অনলাইন ভিত্তিক আরও শক্তিশালী করতে নতুন ধারণা হিসেবে এগ্রি মার্কেট প্লেসকে নির্বাচিত করা হয় ।
আন্তর্জাতিক মঞ্চে জায়গা পাওয়া সম্পর্কে এগ্রি মার্কেটপ্লেস বিডির দলনেতা মোমিনুল হক জানান, তারা খুবই আনন্দিত এইরকম একটা আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায়। এগ্রি মার্কেটপ্লেস বিডি এমন একটা ডিজিটাল মার্কেট ব্যবস্থা যেখানে সকল কৃষক এবং ফার্ম ও ভোক্তা এক ফ্রেমে থাকবে। এতে কৃষক সরাসরি তাদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। অন্যদিকে সিন্ডিকেট বা মধ্যস্থতাকারীদের প্রভাব কমবে। ভোক্তাও উপকৃত হবেন।
উল্লেখ্য, বিশ্বের ১২০টি দেশ ও বাংলাদেশের প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যহত আছে। বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে ‘স্টার্ট আপ’ প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। তবে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে এবছর হাল্ট প্রাইজ ২০২৪ চ্যালেঞ্জে আনলিমিটেড থিমের উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।
এ বছর সিকৃবিতে ৪র্থ বারের মতো ‘শিক্ষার্থীদের নোবেল’ খ্যাত এই প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি