কৃষি ব্যাংকের সুবিধাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত February 23, 2024
কৃষি ব্যাংকের সুবিধাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ব্যাপক প্রচারণার মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা জনসম্মুখে তুলে ধরতে হবে। তাতে উপকৃত হবেন বাংলার প্রকৃত কৃষকরা আর তাতেই সার্থক হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের বাঁধা উপেক্ষা করে কৃষিখাতের উন্নয়নে কৃষকদের ভর্তুকি দেওয়ায়ই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। তবে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য বাংলার কৃষকসহ সবাইকে স্মার্ট হতে হবে।
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি (৯ ফাল্গুন) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখা আয়োজিত ‘ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক’ মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সভায় গ্রাহকরা বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাসহ সরকারের কাছে ঋণ গ্রহণকারীদের সুদের হার কমানো ও ভর্তুকির জন্য উপজেলা পর্যায়ে বরাদ্দকৃত অর্থের শতভাগ যাতে আসে সেটা নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, প্রধান কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক সেলিনা খানম, আবু হেনা ওমর খান ও সাদিকুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি