নিজস্ব প্রতিবেদক : আগমীকাল শুক্রবার (২৫ অক্টোবর) কৃষি গুচ্ছের ৯টি গণ (পাবলিক) বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হবে। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে ৬টি অনুষদে ৪৩১টি আসনের বিপরীতে ৪ হাজার ২১০ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অর্থাৎ প্রতি আসনে ১০ জন। পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে বলে শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল জানিয়েছেন।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সিকৃবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সিকৃবিতে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার আসন বিন্যাস : ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ (৭২৬১৭-৭৩৫৭৯), ভেটেরিনারি টিচিং হসপিটাল (৭৩৫৮০-৭৩৭০৪), কৃষি অনুষদ (৭৩৭০৫-৭৪১৭৪), মাৎস্য বিজ্ঞান অনুষদ (৭৪১৭৫-৭৪৫৯৪), কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ (৭৪৫৯৫-৭৫০৮৯), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (৭৫০৯০-৭৫৫৩৯), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ৭৫৫৪০-৭৫৭৩৯), কেন্দ্রীয় লাইব্রেরি ভবন (৭৫৭৪০-৭৫৭৮৯), ইঞ্জিনিয়ারিং কলেজ (৭৫৭৯০-৭৬৮২৬)।