নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সিলেটে বন্যায় কৃষিখাতে যে ক্ষতি হয়েছে তা পূরণে যা যা দরকার সরকার তা করবে।
তিনি আরও বলেছেন, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্যাপকভাবে ত্রাণ দেওয়া হচ্ছে। সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে স্বাস্থ্যসেবার দিকে। আওয়ামী লীগ সকল দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে।
সুরমা ও কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও মন্ত্রী জানান।
সোমবার, ২৪ জুন (১০ আষাঢ়) সকাল সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট—৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র মো মখলিছুর রহমান কামরান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রব।
প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি। তাদের কর্তা ব্যক্তিরা বিদেশে টাকা পাচার করে আলিশান অট্টালিকা নির্মাণসহ সম্পদের পাহাড় তৈরি করেছেন। দুনীর্তিবাজদের বিরুদ্ধে খালেদা জিয়া সরকার ব্যবস্থা গ্রহণ করেনি।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তেররতন এলাকায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এবং পরে সিলেট—৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার সিলামে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা বিতরণ করেন।