কুলাউড়ার নবাব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

প্রকাশিত September 10, 2019
কুলাউড়ার নবাব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়িতে পবিত্র আশুরা পালিত হয়েছে।
এখানে ঢাক-ঢোল বাজিয়ে ছুরি মাতমের মাধ্যমে দশ দিনের আশুরা কর্মসূচির পালিত হয়ে থাকে।
এ বছর পৃথিমপাশা নবাব বাড়ি থেকে বিকেল ৩টায় বিরাট তাজিয়া মিছিল বের হয়ে রবিরবাজার সংলগ্ন ময়দানে গিয়ে ছুরি মাতমের মাধ্যমে শেষ হয়।
নবাব পরিবারের সদস্য সাবেক সাংসদ অ্যাডভোকেট নবাব আলী আব্বাছ খানের নেতৃত্বে এলাকার শিয়া সম্প্রদায়ের লোকজন ছুরি মাতমে অংশ নেয়। আর তা দেখতে বিপুল দর্শকের সমাগম ঘটে।
মহররমের ৭ তারিখে বিভিন্ন গ্রাম থেকে তাজিয়া মিছিল এসে নবাব বাড়িতে জড়ো হয়। ৮ ও ৯ মহররম গভীর রাতে মিছিল বের হয়ে রবির বাজার প্রদক্ষিণ করে তরপী সাহেব বাড়ি হয়ে ইমাম পাড়ায় গিয়ে শেষ হয়। ১০ মহররম বের হয় মূল তাজিয়া মিছিল। এতে থাকে তাজিয়া এবং আলম নামে পরিচিত সোনা রূপার তৈরি তৈজসপত্র। সবচেয়ে বড় তাজিয়ার পিছনে থাকে জিঞ্জির মারার দল, যারা নিজের গায়ে নিজে ১০/১২ টি ছোট চাকু একসাথে করে জিঞ্জির মারে। ময়দানে অর্থাৎ নির্ধারিত জায়গায় এসে অনেকক্ষণ পিঠে জিঞ্জির আর বুকের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে শোক পালন করে। নিরাপত্তার জন্য এবছর হাতি মিছিল হয়নি।