নিজস্ব প্রতিবেদক : ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের মূল হোতাসহ দুই জনকে আটক করেছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইসলাম উদ্দিনের ভাই মাওলানা সালাহ উদ্দিনের অভিযোগের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যটালিয়ন-এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ সুপার মো আসাবুর রহমানের নেতৃত্বে বুধবার, ১৩ মার্চ (২৯ ফাল্গুন) সকাল সাড় ৭টায় পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার কানেহাত গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাহীন আলম ও তার ভাই সাইদুর রহমানকে আটক করা হয়।
শাহীন আলম সংযুক্ত আরব আমিরাত থেকে এই চক্রকে নেতৃত্ব দেয় এবং তার ভাই দেশে থেকে ট্রাভেল্স ব্যবসার আড়ালে মানবপাচারে সহযোগিতা করে বলে ৭ এপিবিএন জানিয়েছে।
সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের এলাইচ মিয়ার ছেলে মাওলানা সালাহ উদ্দিন অভিযোগ করেন, কানেহাত গ্রামের মাসুক মিয়া ওরপে লেচু মিয়ার ছেলে শাহীন আলম ও সাইদুর রহমান সংঘবদ্ধ মানবপাচারকারী ও দালাল চক্রের সদস্য। তার দুই ভাই ইসলাম উদ্দিন ও শাহীন উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে সাধারণ শ্রমিকের কাজ করেন। শাহীন আলম একই দেশে প্রবাসী হওয়ার সুবাদে তার ভাইদের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে সে ইসলাম উদ্দিন সহ সেই দেশে প্রবাসী ২০/২৫ জন সাধারণ শ্রমিককে আমেরিকা পাঠানোর প্রলোভন দেখায়।
এরই ধারাবাহিকতায় ইসলাম উদ্দিনকে আমেরিকা পাঠানোর জন্য শাহীন আলমের সঙ্গে ১৮ লাখ টাকার মৌখিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতেই শাহীন আলমকে নগদ ৫ লাখ টাকা প্রদান করা হয়।
তখন শাহীন আলম জানায়, ইসলাম উদ্দিন যে মালিকের কাছে আছেন তার নিকট থেকে আমেরিকা পাঠানো যাবেনা। তাই ইসলাম উদ্দিনকে গত বছরের ১২ এপ্রিল দেশে পাঠিয়ে দেয়। তিনি দেশে এসেই জমিজমা বিক্রি করে শাহীন আলমের ভাই সাইদুর রহমানের কাছে ২০ এপ্রিল নগদ ৮ লাখ টাকা তুলে দেন।
গত বছর ১৩ জুন ইসলাম উদ্দিনকে সংযুক্ত আরব আমিরাত হয়ে আমেরিকা নেওয়া কথা বলে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় শাহীন আলম; কিন্তু সেখানে নিয়ে তাকে সহ আরও কয়েকজনকে একটি মানবপাচারকারী চক্রের কাছে জিম্মি করে রাখে। কারও সঙ্গে যোগাযোগ করতেও দেয়না।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইসলাম উদ্দিনের ভাই শাহীন উদ্দিন অনেক কষ্টে শাহীন আলমের সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, কিছু দিনের মধ্যে আমেরিকা পাঠাবে। এরপরও দীর্ঘদিন ইসলাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দেশে ইসলাম উদ্দিনের পরিবার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শাহীন আলমের পরিবারকে চাপ দিলে সে ইসলাম উদ্দিনকে দেশে পাঠাতে আরও ৮০ হাজার টাকা দাবি করে। এই টাকা পেয়ে ১০ নভেম্বর ইসলাম উদ্দিনকে বাংলাদেশে প্রেরণ করে।
ইসলাম উদ্দিন দেশে আসার পর শাহীন আলমের সহযোগী তার ভাই সাইদুর রহমানসহ পরিবারের কাছে বারবার ধর্ণা দিয়েও টাকা ফেরৎ পেতে ব্যর্থ হন। গত ৬ মার্চ শাহীন আলম দেশে এলে ইসলাম উদ্দিন এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শাহীন আলমের কাছে গেলে উল্টো তাকে সে ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দেয়। টাকা ফেরৎ দিতেও অস্বীকৃতি জানায়।
শাহীন আলম ও সাইদুর রহমানকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।