কুরআনের শিক্ষা ও আল্লাহ ভীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহবান আসজাদ মাদানীর

প্রকাশিত February 4, 2023
কুরআনের শিক্ষা ও আল্লাহ ভীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহবান আসজাদ মাদানীর

আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী বলেছেন, মুসলমান সংখ্যার দিক দিয়ে অধিক হলেও শক্তির মানদণ্ডে অত্যন্ত দুর্বল। কারণ একটাই আর তা হলো কুরআন বিমুখতা। তাই শান্তির সমাজ গড়তে কুরআনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশ্বনবী (সা) জাহিলিয়াতের অন্ধকারকে কুরআন দিয়েই আলোকিত করেছিলেন। বর্তমানে মানুষ পার্থিক জীবনের সুখ-শান্তির জন্য অনন্তকালের সফলতাকে ভুলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে কুরআনের শিক্ষা ও আল্লাহ ভীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। তাহলেই ইহকাল ও পরকালে মুক্তিলাভ করা যাবে।
শুক্রবার খাদিমুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ২৭তম তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি বয়ানে তিনি এ কথা বলেন।
মহাসম্মেলনে বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের ইমাম ও খতিব শায়খ আলি উমর ইয়াকুব আল আব্বাসী বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। এর বাস্তব রূপ দিয়েছিলেন নবী (সা) ও সাহাবায়ে কেরাম। পৃথিবীর কোণায় কোণায় ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। বিশ্বনবী (সা) শেষ নবী। এ দুনিয়ায় আর কোন নবী আসবেন না। তাই কুরআন-হাদিসের বাণী সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া উলামায়ে কেরামের গুরু দায়িত্ব। এ দায়িত্ব আদায় করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।
তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার সর্বত্র ঘটাতে সবাইতে কাজ করার আহবান জানান।
তাফসিরুল কুরআন মহাসম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খাদিমুল কোরআন পরিষদ সিলেটের সভাপতি, জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুস সোবহান ও মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী। এছাড়াও মহাগ্রন্থ আল কুরআন থেকে দেশবরণ্যে উলামায়ে কেরাম সহ স্থানীয় আলীমগণ তাফসির পেশ করেন।
এবারের মহাসম্মেলন থেকে ৭ দফা প্রস্তাবনা পেশ করেন মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী। এতে রয়েছে এক : ২০২৩ সালে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ বিবর্তনবাদ সহ অসংখ্য ভুলভ্রান্তির সঙ্গে সঙ্গে ইসলামী মূল্যবোধ বিলুপ্তিকরণ ও বিজাতীয় অন্ধ অনুকরণে ভরপুর হওয়ায় সকল পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিল করে নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য পাঠ্য তালিকা প্রণয়ন কমিটিতে বিজ্ঞ ও হক্কানী উলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত করতে হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২ : স্কুল-কলেজের সিংহভাগ ছাত্র-ছাত্রী মুসলমান হওয়ার কারণে পাঠ্যতালিকায় প্রয়োজনীয় ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে।
৩. আল্লাহ তা’আলা, কুরআন, রাসূলুল্লাহ (সা) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন জাতীয় সংসদে পাশ করতে হবে।
৪. বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও কাদিয়ানীদেরকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
৫. বাউল গান ও মারিফতের নামে আল্লাহ, রাসূল ও কুরআন নিয়ে ভণ্ডামী বন্ধে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে ।
৬. হিযবুত তাওহীদ, লা-মাযহাবী ও সাদপন্থীসহ সকল বাতিল ফেরকার অপতৎপরতা কঠোরহস্তে বন্ধ করতে হবে ।
৭. মায়ানমার, চীন, কাশ্মীর ও ফিলিস্তিনসহ বিশ্বের সকল দেশে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে কার্যকর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।
তাফসিরুল কুরআন মহাসম্মেলন থেকে এসব প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
মহাসম্মেলনে উপস্থিত সকল-বিশেষভাবে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও সাংবাদিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞা প্রকাশ করে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি