ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্দেশ্য, কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখা, সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় দলকে সমৃদ্ধ করা আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে উৎসাহিত করা, যাতে দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারিরা সোনার বাংলার সোনার মানুষ হয়ে উঠে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুৃন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ-১৭) জেলা পর্যায়ের খেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শাহরিয়ার বিন সালেহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর হোসেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।
উদ্বোধনী খেলায় বিশ্বনাথ উপজেলা দল ১-০ গোলে ফেঞ্চুগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।
জেলা পর্যায়ের খেলায় সিলেট সিটি করপোরেশন ও ১৩ উপজেলা দল অংশ নিচ্ছে। আগামী ৯ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।