কাউন্সিলর লায়েক নিজের লোক দিয়েই হামলা-ভাংচুরের নাটক সাজান

প্রকাশিত June 8, 2021
কাউন্সিলর লায়েক নিজের লোক দিয়েই হামলা-ভাংচুরের নাটক সাজান

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মুন্সিপাড়া এলাকাবাসী অভিযোগ করেছেন, এলাকার সামাজিক সংগঠন, মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক নিজস্ব লোক দিয়েই নিজের বাসা ও অফিসে হামলা ও ভাংচুরের নাটক সাজান।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সোয়েব বাসিত লিখিত বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহানগরীর মুন্সিপাড়া এলাকায় ইয়ং ব্রাদার্স ক্লাব, মুন্সিপাড়া জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। কারণ এ কে এ লায়েক কাউন্সিলর হওয়ার পর ক্ষমতার দাপট দেখিয়ে তার অনুগত লোকজন দিয়ে কমিটি কুক্ষিগত করে টাকা-পয়সা লুটপাট করেছেন। এলাকার মানুষ এসব কাজের প্রতিবাদ জানাচ্ছিলেন দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ২৩ এপ্রিল অ্যাডভোকেট এম এ লাহিন মসজিদে জুম্মার নামাজের পর মসজিদ কমিটি গঠনের দাবি জানালে কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে উঠে যারা কমিটি গঠনের দাবি জানিয়েছে তাদের দেখে নেওয়ার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সেদিন ইফতারের পরপরই কাউন্সিলর এ কে এ লায়েক তার বাসায় ৪০/৫০ জন সন্ত্রাসী জড়ো করেন। রাত পৌণে ৯টার দিকে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সঞ্জিত হয়ে এলাকার প্রতিবাদী যুবক, তাদের পরিবারের সদস্য ও বাসাবাড়িতে হামলার চেষ্টা চালায়। একই সময় আকস্মিকভাবে কাউন্সিলরের বাসার লাইট নিভিয়ে দিয়ে পূর্ব থেকে তার বাসায় অবস্থানরত ১০/১৫ জন যুবক স্লোগান দিয়ে তার অফিসের সাইনবোর্ড ও বাসার গেইট ভাংচুর করে দ্রুত এলাকা ত্যাগ করে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কাউন্সিলর এ কে এ লায়েক সাংবাদিক সোয়েব বাসিতকে প্রধান আসামি করে ১৬ জনের নামোল্লেখসহ ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে।
আরো উল্লেখ করা হয়, এ ঘটনার পর কাউন্সিলর এবং তার স্ত্রী, মা ও কয়েকজন নিকট আত্মীয় গণমাধ্যমে একেকবার একেক ধরনের বক্তব্য দিয়েছেন। কখনও বলেছেন, ঘটনার সময় এ কে এ লায়েক নামাজে ছিলেন, কখনও বলেছেন অজু করছিলেন, আবার কখনও বলেছেন ঘুমে ছিলেন।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর এ কে এ লায়েকের বিরুদ্ধে ত্রাণ গ্রহীতার ভূয়া তালিকা দিয়ে সিলেট সিটি কপোরেশন থেকে ১২৫ বস্তা চাল জোর করে নিয়ে আসা, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই চাল উদ্ধার, তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা, এলাকায় নানারকম অপকর্ম চালানো, সন্ত্রাসী বাহিনীর হামলার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবসায়ী ইরশাদ আলীর মা শাহনাজ বেগম বাদি হয়ে আদালতে মামলা দায়ের, হামলা-ভাংচুরের ঘটনার পর থেকে সুকৌশলে এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে প্রতিবাদকারীদের ছবি ধারণ করে সেই ছবি ব্যবহার করে নানাভাবে হয়রানির অপচেষ্টা এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপকর্মের অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মুন্সিপাড়া জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সদস্য মো শফিক মিয়া, মোহাম্মদ আলী মাহমদ, অ্যাডভোকেট এম এ লাহিন, ব্যবসায়ী ইরশাদ আলী, অ্যাডভোকেট আরিফ আহমদ, জাকারিয়া মাসুদ খোকন, মনির হোসেন জীবন, ইসমাইল হোসেন আনন্দ, জয়নাল আবেদীন রাহেল, শরিফ আহমদ, মুন্না খান সাগর প্রমুখ।