নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, কাউকে পিছনে রেখে এগিয়ে যাওয়া যায়না। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে প্রতিবন্ধী আর অটিস্টিক ব্যক্তি সহ সবার অধিকার নিশ্চিত করেন। এখন সবাই নিজ নিজ অধিকার ভোগ করছে। আর তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এভাবেই সকলে মিলে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো।
‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য/নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জাতীয় মানবকল্যাণ পদকপ্রাপ্ত সমাজসেবী আব্দুল জব্বার জলিল, গ্রামীণ জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক। প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন। সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের ব্যাপারে আরও সচেতনতা দরকার। তাদেরকে পরিবেশ পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে। ইতোমধ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। তারা পিছনে পড়ে থাকবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক সমাজসেবা বিভাগের সেবা কার্যক্রমের আরও বেশি প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের প্রতিপালনে পিতা-মাতার অবর্তমানে কে কিভাবে দায়িত্ব পালন করবে সে ব্যাপারটি নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী অটিস্টিক শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।