নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে চলেছে। সর্বজনীন পেনশন স্কিম এই অগ্রযাত্রায় একটি মাইলফলক। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে দেওয়া আরেকটি অঙ্গীকার পূরণ করলেন।
বৃৃহস্পতিবার, ১৭ আগস্ট দুপুরে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি মানুষের সুরক্ষার প্রয়োজনে বাংলাদেশকে নিয়ে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তাই অন্য অনেক দেশ যেখানে বছরের পর বছরেও সংবিধান রচনা করতে পারেনি সেখানে জাতির পিতা মাত্র ৯ মাসে জাতিকে সংবিধান উপহার দিয়েছিলেন, যাতে প্রত্যেকের জন্যে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, সর্বজনীন পেনশন স্কিম দেশের সর্বস্তরের মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। বৃদ্ধ বয়সে জীবন ধারণের জন্যে কারও উপর কাউকে নির্ভর করতে হবেনা। দারিদ্র সীমার নিচে বসবাসকারীরাও এই সুযোগ পাবেন।
তিনি এ বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন।