কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ অনেক : সিলেটে ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত August 29, 2023
কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ অনেক : সিলেটে ব্যবস্থাপনা পরিচালক

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার বলেছেন, এই ব্যাংকের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেছেন, বেকার যুবসমাজকে কাজে লাগাতে কর্মসংস্থান ব্যাংকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজের দিকে লক্ষ্য রেখেই ১৯৯৮ সালে ব্যাংকটি চালু করেন। তাই ঋণ নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায়। তবে ঋণের টাকা সময় মতো ফেরৎ দিয়ে ব্যাংককে গতিশীল রাখতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংক যাতে দেউলিয়া না হয় সে জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে সবাইকে সচেষ্ট হতে হবে। করোনা মহামারি ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা ঋণ পরিশোধ করতে পারছেননা তারা চেষ্টা করুন। একটু কষ্ট করে হলেও ঋণ পরিশোধ করে আবার ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্যে ঘুরে দাঁড়াতে হবে। কর্মসংস্থান ব্যাংক পাশে আছে।
মঙ্গলবার, ২৯ আগস্ট সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মসংস্থান ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে অংশীজনের সঙ্গে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ব্যস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট শাখার ব্যবস্থাপক আ স ম সায়েমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী মহাব্যবস্থাপক (চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে) মুহাম্মদ মাসুদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও অংশীজনেরা। তথ্য বিবরণী