নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ এর অভিযানে জাল টাকা প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের ১ সদস্য আটক ও ১ লাখ টাকা মূল্যেমানের জাল টাকা উদ্ধার হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ জানায়, সম্প্রতিকালে জাল টাকা তৈরির সঙ্গে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। বাংলাদেশের অর্থনীতির চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করতে সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে তাদের সদস্যদের মাধ্যমে আসল টাকার ভিতরে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিতে থাকে। দীর্ঘ অনুসন্ধানের পর এই চক্রের সদস্য র্যাব-৯ এর জালে ধরা পড়েছে।
অনুসন্ধানের ধারাবাহিকতায় রবিবার বিকেল সোয়া ৫টার দিকে র্যাব ৯, সিলেটের আওতাধীন সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল কমলগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজারে মেসার্স শরীফ ট্রেডার্স নামক দোকানের সামনে জাল টাকাসহ যোগেন্দ্র মল্লিককে (৩৮, পিতা দেবেন্দ্র মল্লিক, রুস্তমপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের বুকপকেট থেকে ১ লাখ টাকা মূল্যেমানের জাল টাকা, ২টি মোবাইল ফোন সেট, ৪টি সিমকার্ড ও নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীতে জাল নোট তৈরি করছে। সেখান থেকে এসব জাল নোট নিয়ে এসে তার নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় ছাড়ানোর পরিকল্পনা ছিল।