মোজাম্মেল আলী, ইউকে : প্রবাসীরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর ও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুসহ বিভিন্ন দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে পূর্ব লণ্ডনের লণ্ডন বাংলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পেশ করেন, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব, যুগ্মআহ্বায়ক শেখ মো মফিজুর রহমান, কাউন্সিলার ফারুক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, শাহ মুনিম, জামান আহমদ সিদ্দিকী, মাহবুবুর রহমান কোরেশী ও খন্দকার সাইদুজ্জামান সুমন।
সংবাদ সম্মেলনে বলা হয়, যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে ২০০২ সালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লণ্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু করা হয়। তবে অনেকবার তা বন্ধ হয়ে যায়। আবার আন্দোলনের ফলে চালু হয়েছে। এতে সিলেটের প্রবাসীরা সরাসরি বাংলাদেশে যাওয়ার সুযোগ পাওয়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে আন্তর্জাতিক হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ পায়নি হয়নি। তাই বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোন এয়ারলাইন্সের উড়োজাহাজকে নামতে দেওয়া হচ্ছে না। অথচ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান ছাড়াও ৭টি বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইট উঠানামা করে। এভাবে বাংলাদেশ সরকার ও সিভিল এভিয়েশন অথরিটি সিলেটবাসীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করছে।
প্রবাসী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিমানের শতকরা ৯৫ ভাগ যাত্রী সিলেট অঞ্চলের। অথচ সিলেটীদের জিম্মি করে বাংলাদেশ বিমানের রিটার্ন ভাড়া সিলেট পর্যন্ত কখনো ১৫০০, কখনো ১২০০ আবার কখনো ১৮০০ পাউণ্ড পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। অথচ সমান ফ্লাইটে ঢাকার যাত্রীদের জন্য ৮০০ পাউণ্ড ভাড়া নেওয়া হয়। এটা প্রবাসী সিলেটবাসীর প্রতি আরেক বৈষম্য। ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটীরা পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে দেশে যেতে পারেন না।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণসহ সম্প্রসারণ কাজ ৩ বছর মেয়াদকাল নির্ধারণ করে শুরু হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে; কিন্তু বিগত ৪ বছরে কাজ হয়েছে মাত্র ২২ শতাংশ। অথচ ঢাকার হজরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু করে নির্ধারিত সময়েই শেষ করে সাবেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এটাও সিলেটবাসীর প্রতি আরেকটি বৈষম্যমূলক আচরণ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বিমান যাত্রীদের হয়রানি এখনো কমেনি। আন্তর্জাতিক মানের কোনো সেবা নেই। বিমানের চেক ইন কাউন্টারে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হন। বলা হয় যে, এক শ্রেণির সিলেট বিদ্বেষী কুচক্রী সিণ্ডিকেট করে সিলেটবাসীকে হয়রানি করছে।
নেতৃবৃন্দ বলেন, অতীতের সব সরকার সিলেটবাসীর উপরোক্ত সমস্যার সমাধানে ব্যর্থ হওয়ায় প্রবাসী নতুন প্রজন্মের সন্তানেরা বাংলাদেশে না গিয়ে তুরস্ক, মরক্কো, মিশর ও ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে হলিডেতে যাচ্ছে। ফলে তারা যেমন দেশমুখী হচ্ছে না তেমনি বাংলাদেশ বিরাট অংকের আয় থেকে বঞ্চিত হচ্ছে। ব্রিটেনের বিভিন্ন সংগঠন এসব সমস্যার ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়ে আসছে; কিন্তু কোনো কাজ হচ্ছে না।