ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে

প্রকাশিত August 31, 2024
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সুপরিসর উড়োজাহাজের পার্কিং সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল সুবিধা সংযোজনের লক্ষ্যে গৃহীত সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের বাস্তবায়ন কাজ আগামী বছরের ডিসেম্বর মাসে শেষ হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো মঞ্জুর কবির ভূঁইয়া শনিবার, ৩১ আগস্ট (১৬ ভাদ্র) এ তথ্য জানিয়েছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর কাজ সম্পন্ন করার সময়সীমা থাকলেও ৬ মাস এদিক ওদিক হতে পারে।
চেয়ারম্যান জানান, প্রকল্পভুক্ত অন্যান্য কাজের মধ্যে রয়েছে, প্যাসেঞ্জার হ্যান্ডলিং ব্যবস্থার আধুনিকায়ন এবং অত্যাধুনিক টার্মিনাল ভবন, কার্গো ভবন, কন্ট্রোল টাওয়ার, পার্কিং এপ্রোন ও ট্যাক্সিওয়ে নির্মাণ। ২০২০ সালের ২৭ আগস্ট প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়; কিন্তু নানা কারণে এ পর্যন্ত মাত্র ২২ দশমিক ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এয়ার ভাইস মার্শাল মো মঞ্জুর কবির ভূঁইয়া জানান, আইসিএও, বিএনবিসি প্রভৃতি কোডের হালনাগাদ নির্দেশনার পরিপ্রেক্ষিতে এবং অন্যান্য আনুসঙ্গিক কারণে মাস্টারপ্ল্যানসহ অন্যান্য ড্রয়িং-ডিজাইন মোডিফিকেশনের প্রয়োজনে প্রকল্প বাস্তবায়ন বিলস্বিত হয়েছে। তবে ড্রয়িং-ডিজাইন মোডিফিকেশনের কাজ শেষ। শুষ্ক মৌসুমে কাজের গতি ত্বরান্বিত হবে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১১৬ কোটি টাকা। তবে বর্তমান বাস্তবতায় এই অংক বেড়ে যাবে; কিন্তু কোনো অপচয় হতে দেওয়া হবে না বলে তিনি নিশ্চিত করেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, প্রথম পর্যায়ের কাজ শেষে এখান থেকে বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা ৬ লাখ থেকে বেড়ে ২০ লাখে এবং পণ্য পরিবহন সক্ষমতা ৪০ হাজার টন থেকে ১ লাখ টনে পৌঁছবে। এছাড়া প্রবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন।