নিজস্ব প্রতিবেদক ; সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর নিকট থেকে প্রায় ১৬ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫২) বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে একজন যাত্রী অবৈধ স্বর্ণ বহন করছেন বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই আগেই খবর পেয়ে যায়।
সেই খবরের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার নূরুল ইসলামের ছেলে হোসাইন আহমদের দুটি লাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ৩টি কফি মেকার মেশিনের ভিতর থেকে ১০৫টি সোনার বার ও একটি ড্রিল মেশিনের ভিতর থেকে ৪টি সোনার চাকতি আটক করা হয়। হোসাইন আহমদকেও গ্রেফতার করা হয়েছে।
ওসমানী আন্তর্জাতক বিমানবন্দর পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।