ওসমানীনগরে প্রবাসী উদ্যোগে শিল্পকারখানা প্রতিষ্ঠায় চাঁদাবাজদের বাধা দেওয়ার অভিযোগ

প্রকাশিত October 30, 2024
ওসমানীনগরে প্রবাসী উদ্যোগে শিল্পকারখানা প্রতিষ্ঠায় চাঁদাবাজদের বাধা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় একদল চাঁদাবাজের বাধায় আলিনা ইন্ডাস্ট্রি নামে একটি প্রবাসী উদ্যোগের বাস্তবায়ন মাঝপথে এসে আটকে গেছে।
বুধবার (৩০ অক্টোবর/১৪ কার্তিক) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিল্পপ্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) জনি চন্দ্র রায় অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার লামা ইসবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হিরা মিয়া নিজ এলাকায় ‘আলিনা ইন্ডাস্ট্রি’ নামে একটি বহুমুখী শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বড় ইসবপুর গ্রামে তার নিজের জমিতে ইতোমধ্যে অবকাঠামো তৈরি শেষ। বিদেশ থেকে যন্ত্রপাতিও নিয়ে আসা হয়েছে।
এ অবস্থায় বিএনপি নেতা পরিচয় দিয়ে উমরপুর ইউনিয়ন পরিষদ মেম্বার মুকিত মিয়ার নেতৃত্বে একই গ্রামের মুনিম মিয়া, আনহার আলী, মানিক মিয়া, শানুর মিয়া, গফফার সিকদার ও মানিক সিকদার এবং লামা ইসবপুর গ্রামের আব্দুর রউফ ও ফজরুল আলী শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে এই মুহুর্তে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে বসেন। এখানেই শেষ নয়-৬ মাস পরপর তাদেরকে ৪ লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। তাদের দাবি না মানলে হত্যার হমকিও দেয়া হয়েছে।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অবহিত করা হয়েছে সেনাবাহিনীকেও; কিন্তু ওসমানীনগর থানা মামলা নেয়নি।