এ রাষ্ট্রের জন্ম হয়েছে সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত May 5, 2025
এ রাষ্ট্রের জন্ম হয়েছে সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে : বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, এ রাষ্ট্রের জন্ম হয়েছে সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে। এ দেশ কখনো স্বাধীন হতো না যদি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষ পথে না নামতো।
সোমবার (৫ মে/২২ বৈশাখ) সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ সিলেটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন-নূর।
সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদী ও আন্দোলনমুখী থাকার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, যে পরিবর্তন জুলাই ও আগস্টে সূচিত হয়েছে, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। নতুন রাষ্ট্র হবে সর্বসাধারণের। নতুন এই রাষ্ট্রের মূল দায়িত্ব হবে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণ সুনিশ্চিত করা। সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীকে এ দায়িত্ব বিবেকের সাথে পালন করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গঠন করতে হবে।
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী অনুষ্ঠান সিলেট জেলার ১৪ শহীদ ছাত্র-জনতার পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন।–পিআইডি সিলেট