এমন কোন কাণ্ড যেন না হয় যাতে রংপুরের পরিণতি ভোগ করতে হয় : হুশিয়ার করলেন নানক

প্রকাশিত May 4, 2023
এমন কোন কাণ্ড যেন না হয় যাতে রংপুরের পরিণতি ভোগ করতে হয় : হুশিয়ার করলেন নানক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুতরাং দেশের সবচেয়ে বড় এই রাজনৈতিক দলে একাধিক যোগ্য প্রার্থীই নির্বাচনে অংশ নিতে চাইবেন; কিন্তু দিন শেষে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সকলে কাজ করে যাবেন একযোগে। এটাই আওয়ামী লীগ, যেখানে দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ থাকেনা-থাকতে পারেনা।
একই সঙ্গে তিনি হুশিয়ারিও উচ্চারণ করে বলেছেন, দলে খন্দকার মোশতাক আহমদের অনুসারী যেমনি রয়েছে তেমনি রয়েছেন মুজিবাদর্শের লড়াকু আর ত্যাগী কর্মীরাও। মোশতাক অনুসারী চক্রের কারণেই বিগত দু’টি নির্বাচনে এই নগরের অভিভাবক বদর উদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে। এবার সেই ফলাফলের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ। প্রতিটি ওয়ার্ডে সজাগ দৃষ্টি থাকবে। ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এমন কোন কাণ্ড যেন না হয়, যাতে রংপুরের পরিণতি ভোগ করতে হয়।
জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার, ৪ মে মহানগরীর আরামবাগ এলাকায় আমানুল্লাহ কনভেনশন হলে সিসিক নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অথচ জনসমর্থন হারানো বিএনপি এতে নাখোশ। তবে মুখে নাখোশ ভাব প্রকাশ করলেও ভিতরে ভিতরে নিজের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া। আওয়ামী লীগ বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাতে চায়; কিন্তু দ্বৈতনীতিকে ধিক্কার জানায়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দুর্বলতা রয়েছে। এ কারণে সিলেটের মাটি ও মানুষের কল্যাণে তিনি বরাবরই আন্তরিকতায় পরিচয় দিয়ে গেছেন। সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মানুষ না থাকার পরও দিয়েছেন সবকিছু; কিন্তু দুর্ভাগ্য অপরিকল্পিত উন্নয়নের খেসারত স্বরূপ নগরবাসীকে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি শ্রীভূমি সিলেটকে রক্ষায় এবার দলীয় নেতাকর্মীদের নির্বাচন যুদ্ধে মাঠে নামার আহবান জানান।
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, মাথার চারপাশে শকুনের দল উড়াউড়ি করছে। মুজিব সৈনিকদের এখন যুদ্ধের সময়। যুদ্ধের দামামাও বেজে উঠেছে। সেই সুর যার কানে পৌঁছনি তিনি ব্যর্থ, মুজিবাদর্শের অযোগ্য এবং আওয়ামী লীগেও অযোগ্য। ভুলে গেলে চলবে না, সংগ্রামে-সঙ্কটে-দুর্যোগে বাংলাদেশে আওয়ামী লীগই পাশে দাঁড়িয়েছে গণমানুষের। আওয়ামী লীগ বীজ বপন করে এবং সেই বীজ থেকেই ফল হয়-ফুল হয়। সেই ফুলে ফলে শোভিত আজকের বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের সমৃদ্ধির বাংলাদেশ বিশ্বসভায় অনুসরণযোগ্য হয়ে গেছে।
আওয়ামী লীগের সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুলের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি