নিজস্ব প্রতিবেদক : আজ ঐতিহাসিক সাতই মার্চ। ১৯৭১ সালের এ দিনেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে অত্যাসন্ন মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দিয়েছিলেন। বজ্রকণ্ঠে সুস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এবারই প্রথম দিনটি জাতীয় দিবসের মর্যাদায় উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেটে সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় শতকণ্ঠে সাতই মার্চের ভাষণ, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামে সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। আরও রয়েছে, দিনব্যাপী পত্র-পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও বাংলাদেশ বেতার সিলেটে ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশ ও প্রচার, বঙ্গবন্ধুর ভাষণ ও ভিডিওচিত্র প্রচার এবং আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা। এছাড়া মহানগরীকে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে।
আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও মহানগরীর ওয়ার্ডে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করবে।
সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।