নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি চেষ্টা করবেন। তবে এতদিন তাকে বিশ্বনাথ-ওসমানীনগর সহ সিলেট জেলাকে নিয়ে ভাবতে হয়েছে-এখন পুরো দেশকে নিয়ে ভাবতে হবে। তবে তার বিশ্বাস, জনগণ ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় বঙ্গবন্ধুর কন্যার দেওয়া এই দায়িত্ব পালনে সমর্থ হবেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসে সোমবার, ১৫ জানুয়ারি (১ মাঘ) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, তার প্রথম কাজ হচ্ছে, প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করা। এরপর অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করা হবে। প্রধানমন্ত্রী তাকে ইতোমধ্যে প্রবাসীদের কল্যাণে উদ্যোগ নিতে নির্দেশনা দিয়ে দিয়েছেন।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে। এতে কাউকে অন্য দেশে গিয়ে বিপাকে পড়তে হবে না। দেশে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে সবাইকে-সবকিছুকে স্মার্ট হতে হবে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগের সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধ মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী ও যুগ্মসাধারণ সম্পাদক, সিলেটি সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন।