একাত্তরের ২০ ডিসেম্বর মৌলভীবাজারে মাইন বিস্ফোরণে প্রাণ হারান ২৪ বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত December 20, 2022
একাত্তরের ২০ ডিসেম্বর মৌলভীবাজারে মাইন বিস্ফোরণে প্রাণ হারান ২৪ বীর মুক্তিযোদ্ধা

এ এস কাঁকন, মৌলভীবাজার : প্রিয় জন্মভূমি স্বাধীন। পতপত করে উড়ছে লাল-সবুজ পতাকা। স্বজন হারানোর কষ্ট ভুলে সবাই বিজয় উল্লাসে মাতোয়ারা। বিভিন্ন ক্যাম্প থেকে মায়ের কোলে ফিরছেন বীর মুক্তিযোদ্ধাগণ। ঘরে ফেরার জন্যে উদগ্রীব মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে অবস্থানরত সূর্যসেন্তানেরাও। ফিরলেন অনেকে; কিন্তু ফেরা হলোনা ২৪ জনের। ২০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে প্রাণ হারালেন। এরপর থেকে দিনট মৌলভীবাজার শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে।
মৌলভীবাজার মুক্ত হওয়ার পর শহরের বিভিন্ন জায়গায় পাক হানদারদের ফেলে যাওয়া মাইনগুলো উদ্ধার করে সরকারি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছিল। সেখানে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা। নিমিষে নিভে যায় ২৪টি জীবনপ্রদীপ। আহত হন অনেকে। বীর শহীদ মুক্তিযোদ্ধাদের ছিন্ন-বিচ্ছিন্ন দেহাবশেষ একত্রিত করে বিদ্যালয় মাঠের এক পাশে সমাধিস্থ করা হয়। সেখানে এই শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও মৌলভীবাজারবাসী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছেন।