হাবিবুর রহমান হাবিব, শাল্লা : উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার (প্রতীক আনারস) ও অবনী মোহন দাস (প্রতীক ঘোড়া)। এছাড়া একই পদে ’মোটরসাইকেল’ প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাসও ভোটযুদ্ধে নেমেছেন।
অবশ্য চেয়ারম্যান পদে আরেকজন প্রার্থী ছিলেন এস এম শামীম; কিন্তু ঋণ খেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ মোহাম্মদ এনামুল কবির জানিয়েছেন।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মো সাইফুর রহমান (উড়োজাহাজ), আব্দুল মজিদ (চশমা), অরিন্দম চৌধুরী অপু (মাইক), কালীপদ রায় (বই), মো হাজিরুল ইসলাম (তালা), ফেনী ভূষণ সরকার (আইসক্রিম), প্রদীপ দাশ (বৈদ্যুতিক বাল্ব), বিষ্ণুপদ দাশ (টিয়া পাখি) ও শেখ শহিদুল ইসলাম (টিউবওয়েল)।
নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন শর্বরী মজুমদার (পদ্মফুল), আলপিনা আক্তার (হাঁস), মর্তুজা আক্তার (ফুটবল) ও ছায়া মনি আক্তার (কলস)।
প্রতীক বরাদ্দের পর শাল্লা উপজেলা নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে। আগামী ৮ মে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।