নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার, ৮ মে দেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। এই ধাপে সিলেটের ৪ উপজেলায় ভোটগহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো সিলেট সদর. দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ। প্রার্থী সংখ্যা সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন, দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। ইতোমধ্যে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে।
উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে মঙ্গলবার, ৭ মে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী প্রেরণ করা হয়। সঙ্গে পাঠানো হয় পুলিশ, আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোটগ্রহণ সামগ্রী বুঝে নেন।
উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন নিরাপত্তাসহ সকল বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।এদিকে ভোটররাও মানসিকভাবে প্রার্থী বাছাই করে নিয়েছেন। সকাল ৮টা থেকে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে ভোটাধিকার প্রয়োগ করবেন।