বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবিতে স্কুল অব এগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ৪ বছর মেয়াদি কৃষি স্নাতক ডিগ্রি অর্থাৎ ‘ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার-বিএসসিএজ’ ডিগ্রি প্রদানের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট জেলা শাখার উদ্যোগে ক্যাম্পাসের প্রধান সড়কে মঙ্গলবার বেলা ১টায় এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ড সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের প্রফেসর ড মোহাম্মদ নূর হোসাইন মিঞা, ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড এ এফ এম সাইফুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড মো আবুল কাশেম, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড মো ছিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড এম আসাদ-উদ-দৌলা, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড মুহাম্মদ রাশেদ আল মামুন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড মো শাহ্ আলমগীর, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা ঋত্বিক দেব অপু, বর্তমান সভাপতি কৃষিবিদ আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো এমাদুল হোসেন।
বক্তারা জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়, যার মান অত্যন্ত নিম্নমানের। মাসে দুইদিন-তাও অনলাইনে ক্লাস হয়। এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার’ ডিগ্রি প্রদান করা হলে গ্রাজুয়েটদের মান অত্যন্ত নিম্নমানের হবে।
বক্তারা বলেন, সম্পূর্ণ প্রায়োগিক বিষয়ের কৃষি ডিগ্রি অনলাইনে দেওয়ার বিষয় নয়। শিক্ষার্থীদের মাঠে হাতেকলমে বৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান করতে হয়। সুতরাং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই কোর্স খুললে কৃষিবিদদের মানমর্যাদা ভূলুন্ঠিত হবে।
তারা জানান, কৃষিবিদ গ্রাজুয়েট বৃদ্ধির প্রয়োজন হলে বাংলাদেশে আরও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়। দরকার হলে বর্তমানে যেসব কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে সুযোগ সুবিধা বাড়িয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করা যেতে পারে।
বক্তারা অবিলম্বে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা্র আহবান জানানে, অন্যথায় পরবর্তী সময়ে দেশের কৃষিবিদদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।–সংবাদদাতা