উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা : পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত December 25, 2020
উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা : পরিকল্পনা মন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের অসহায় হতদরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করে কাজের নির্দেশনা দেন।
শুক্রবার বিকেলে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছরে পদার্পণ জাতির জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, অসহায় গৃহহীন ও ভূমিহীনদের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করবোনা। কেউ অনিয়ম কিংবা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রকৌশলী গোলাম সারোয়ার ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী পরে বিবিয়ানা নদীর উপর নির্মাণাধীন রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন এবং রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়েজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
তিনি নবনির্মিত রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন এবং রানীগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কের পাশে অনন্ত গোলাম আলীপুর গ্রামের আরসিসি সড়কের উদ্বোধন করেন।