উন্নয়নশীল দেশে উত্তরণে প্রতিটি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য এসেছে বাংলাদেশের

প্রকাশিত March 24, 2022
উন্নয়নশীল দেশে উত্তরণে প্রতিটি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য এসেছে বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটেছে। এ জন্যে পরীক্ষা দিতে হয়েছে অনেকবার। তবে প্রতিটি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য এসেছে।
তিনি আরও বলেছেন, আমরা দারিদ্রের হার ৮০ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় আমাদের দেশে বাস্তবায়িত হচ্ছে বড় বড় প্রকল্প। নিচে পড়ে থাকা মানুষকে তুলে আনা হয়েছে। আমাদেরকে এখন আর অন্যের হাতের দিকে তাকিয়ে থাকতে হয়না।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যাবে।
বিশেষ অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে থাকেনা। এমনকি করোনার সময়ও কাউকে উপবাসে থাকতে হয়নি। করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, বঙ্গবন্ধুকন্যা চ্যালেঞ্জ নিতে জানেন। আপস করতে জানেননা। সাহস আছে বলেই পদ্মাসেতু তৈরি করতে পেরেছেন।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদ নিজ নিজ সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতির স্বার্থে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা সম্পন্ন হতে হবে।
বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলেই মানুষের কল্যাণ হয়।
বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, দেশে এখন এত বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা অনেকে কল্পনাও করতে পারেননি।
বিশেষ অতিথি আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গত একযুগে দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আশা প্রকাশ করেন, ২০৪১ সালের আগেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে নেমেছেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ গানের চিত্রায়ণ ও ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত ও অনিমা দেব তন্বী।