বিশ্বনাথ প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, জাতীয় পর্যায়ে দুর্বল জনপ্রতিনিধিত্বের কারণে সিলেটের বিশ্বনাথ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। তবে এখন উপজেলার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন শিক্ষাকে। কারণ তিনি বিশ্বাস করেন, শিক্ষার উন্নয়নের মাধ্যমেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব হতে পারে।
শনিবার, ২৪ ফেব্রুয়ারি (১১ ফাল্গুন) বিকেল সাড়ে ৩টায় উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের চারতলা শিক্ষা (আইসিটি) ভবনের উদ্বোধন ও তার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
কলেজের গভর্নিং বডির সভপতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলীর সভাপতিত্বে ও প্রভাষক দিলওয়ার হোসেন, মাহমুদা বেগম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, নাজনীন হোসেন, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ব্যাংকার তাজউদ্দিন আহমদ ও রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নেছার আহমদ। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনসারুল হক, মো আলিমুজ্জান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরিফ ও শিক্ষার্থী লায়েক হাসান অভি।