উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত November 6, 2023
উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষায় প্রতিটি পর্যায়ে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে দেশ। বিশ্বে মহামারি ও যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ ছুঁয়েছে নতুন মাইলফলক। শহর থেকে গ্রাম সকল পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। সিলেটসহ সারা দেশে অসংখ্য স্কুল-কলেজের অবকাঠামো নির্মাণসহ ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।
সোমবার, ৬ নভেম্বর গোয়াইনঘাটে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের এমপিওভুক্ত হওয়ায় শুকরিয়া সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ইমরান আহমদ বলেন, ’নির্বাচিত হওয়ার পর থেকেই আমার প্রাথমিক লক্ষ্য ছিলো শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা। বর্তমানে এই এলাকায় যোগাযোগসহ শিক্ষাক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এর প্রকৃষ্ট উদাহরণ হাজী সোহারাব আলী স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান স্কুল থেকে কলেজে উন্নীত হলো। আমার ইচ্ছা আছে এটাকে ডিগ্রি পর্যন্ত নিয়ে যাওয়া।’
জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে কোন উন্নয়ন সম্পন্ন করতে হলে তার পেছনে লেগে থাকতে হয়, সময় ও সুযোগ করে দিতে হয়। তাতে সময় দিলে ইনশাল্লাহ কোনো কাজ আটকাবেনা।
তিনি আরও বলেন, নির্বাচন আসছে, আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা দেশের ক্রমাগত উন্নয়ন চান কি না। প্রধানমন্ত্রী উন্নয়নের যে রোল মডেল তৈরি করেছেন তা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। তাহলে ভবিষ্যতে দেশে দ্বিগুণ গতিতে উন্নয়ন হবে এবং চলমান উন্নয়ন কাজগুলোও ইনশাল্লাহ সঠিক সময়ে সমাপ্ত হবে। পিআইডি সিলেট