সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল/১৯ চৈত্র) বিকেলে মহানগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
সিসিক প্রশাসক বলেন, জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই জনগণের টাকার অপচয় করা যাবে না। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন, একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার পাশাপাশি নগরবাসীর সক্রিয় সহযোগিতাও জরুরি।
নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা (অ দা) নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে ও মো মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও স্থানীয় বাসিন্দারা। সংবাদ বিজ্ঞপ্তি