সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে আধুনিক উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা পূরণে শিক্ষার বিকল্প নেই।
তিনি আরও বলেছেন, শিক্ষা খাতে বাংলাদেশের অর্জন বিপ্লবের প্রতিরূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সফলতার যে প্রতিচ্ছবি দেখিয়েছেন ভবিষ্যতেও তা বলবৎ থাকবে।
সোমবার গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার ভূমিকা অগ্রগণ্য হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হবে আনন্দনিকেতন-সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের আসল কারিগর বঙ্গবন্ধুকন্যা।
কলেজের গভর্নিং বডির সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক লায়েস উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শমশের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হানিফ খান। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন জাকারিয়া চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আবুল কাসেম। সংবাদ বিজ্ঞপ্তি