নিজস্ব প্রতিবেদক : সাড়ে আট টাকা ইনক্রিমেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার, এ সংক্রান্ত গ্যাজেট বাতিল ও দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে উত্তর সিলেট ভ্যালির ২২টি চা বাগানের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
আন্দোলনের প্রথম দিন সোমবার, ২৩ সেপ্টেম্বর (৮ আশ্বিন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন চা বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
শ্রমিকরা জানান, বার্ষিক মাত্র ৮ টাকা ৫০ পয়সা হারে ইনক্রিমেন্টের ঘোষণা তারা প্রত্যাখ্যান করেছেন। দ্রব্যমূল্যের উর্ধগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন, খাদিম চা বাগান পঞ্চায়েত সভাপতি সবুজ তাঁতি, বুরজান চা বাগান পঞ্চায়েত সভাপতি বিলাস ব্যানার্জি, যুবসমাজ প্রতিনিধি সুশান্ত চাষা ও খাদিম চা বাগান শ্রমিক রহিমা খাতুন।