উজান থেকে নামছে ঢল || উপর থেকে বৃষ্টি || নদীতে বাড়ছে পানি || সিলেটে বন্যার আতংক জনমনে

প্রকাশিত July 1, 2024
উজান থেকে নামছে ঢল || উপর থেকে বৃষ্টি || নদীতে বাড়ছে পানি || সিলেটে বন্যার আতংক জনমনে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। উপর থেকে ঝরছে বৃষ্টি। দুয়ে মিলে সকল নদীতে বাড়ছে পানি। আতংক বিরাজ করছে জনমনে। কারণ ইতোমধ্যে আবার বন্যার আশংকায় সতর্কতা অবলম্বনের জন্যে প্রশাসন থেকে সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এবারের তৃতীয় দফা বন্যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি সিলেট। ঘরে ফিরতে পারেনি হাজারো মানুষ। এমনই পরিস্থিতিতে নতুন করে বন্যার ছোঁবল সবাইকে ভাবিয়ে তুলেছে।
পিআইডি জানিয়েছে, সোমবার, ১ জুলাই (১৭ আষাঢ়) সকালে কানাইঘাটে সুরমা নদীর পানি আবার বিপদসীমা অতিক্রম করেছে।
অন্যদিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি আগে থেকেই ছিল বিপদসীমার উপরে। অন্য সব নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জিতে গত ২৮ জুন থেকে ১ জুলাই সকাল পর্যন্ত ৩ দিনে বৃষ্টিপাত হয়েছে ৬৪০ মিলিমিটার। এছাড়া আগামী ৩ জুলাই পর্যন্ত আরও ৯৬৯ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবো সূত্রে জানা গেছে, কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সিলেটে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। কর্মকর্তা নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। পাশপাশি বন্যায় আক্রান্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ ও খাদ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।