আয়মান আহমেদ, দিরাই : আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভাটির জনপদ লোকসংস্কৃতির তীর্থভূমি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হবে।
শাহ আব্দুল করিমের নাতি বাউলিয়ানা ফয়সল জানান, এবার বাউল সম্রাটের ১০৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে লোক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে প্রতি বছর এই সময়ে শাহ আব্দুল করিম লোক উৎসবের আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে বাউল সম্রাটের শিষ্য, ভক্ত ও অনুরাগীরা এতে অংশ নেন। এসে পড়েছেন অনেকে। অন্যরা আসছেন।
এবারের লোক উৎসবে সহযোগিতায় থাকছে বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
শাহ্ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল জানান, লোক উৎসবে আগত কারো যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।