ঈদ উপলক্ষে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা ও বেতন-বোনাস নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

প্রকাশিত April 13, 2023
ঈদ উপলক্ষে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা ও বেতন-বোনাস নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা ও বেতন-বোনাস নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেট ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১২ এপ্রিল ব্রিটিশ গ্যাসকুকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও খাদিম সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেটের পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকী।
সভায় শিল্প প্রতিষ্ঠান মালিক পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিটি প্রতিষ্ঠানে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। শ্রমিকদের যথাযথ প্রাপ্য সুযোগ-সুবিধা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে বেতন-বোনাস পরিশোধ প্রক্রিয়া চলমান, যা দ্রুততম সময়ে পরিশোধ করা হবে।
তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
একই সঙ্গে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮, সিলেটের পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকী মালিক, শ্রমিক ও শিল্প-প্রতিষ্ঠানের বিভিন্ন বিধি তুলে ধরে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের সঙ্গে সেতুবন্ধন তৈরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সকল সমস্যা সমাধান করে।
তিনি সকল প্রকার সমস্যা নিরসনে মালিক পক্ষসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মালিক-শ্রমিক সুসর্ম্পক বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদিম সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আব্দুর রহিম ও ম্যানেজার নূরুজ্জামান. ব্রিটিশ গ্যাস কুকার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার মনিরুল হক, ম্যানেজার জাহেদ আহমদ ও সহকারী ম্যানেজার আব্দুল অদুদ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের পুলিশ পরিদর্শক (নি) মো আব্দুল জলিল, পুলিশ পরিদর্শক (নি) মো কমর উদ্দিন প্রমুখ। তথ্য বিবরণী