নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সেবা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে স্থাপিত ‘র্যাব সাপোর্ট সেন্টার’ কাজ করছে।
এই সাপোর্ট সেন্টারের কার্যক্রম শুরু হয় ঈদুল ফিতরর দুই দিন আগে, যা ঈদের পরের দিন পর্যন্ত অর্থাৎ আজ রবিবার, ২৩ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে। তবে প্রয়োজনে সময় বাড়ানো হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে র্যাব-৯, সিলেটের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ. মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সাপোর্ট সেন্টার কাজ করছে।
এর আওতায় গত ২০ এপ্রিল বিকেলে র্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মো মোমিনুল হক জিডি (পি) অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও র্যাব সদস্যদের উপস্থিতিতে সিলেট রেল স্টেশন, কদমতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন।
র্যাব সাপোর্ট সেন্টারে যেসকল সেবার ব্যবস্থা রাখা হয় সেগুলো হলো অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসায় প্রাথমিক সহায়তা, যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া যানবাহন তাৎক্ষণিক দক্ষ মেকানিক দ্বারা সচলের ব্যবস্থা ও ইফতারের সময় সাধারণ যাত্রীদের বিশুদ্ধ পানি ও ইফতার নিশ্চিত করা।
এছাড়াও রয়েছে যাত্রী হয়রানি এবং মলম পার্টি, অজ্ঞান পার্টি, পকেটমার, চাঁদাবাজ ও ছিনতাইকারীদরে অপতৎপরতা রোধ। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে এ জন্যে অভিযোগ কেন্দ্রও রয়েছে।
অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ ও ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ সহ জনসাধারণের নিরাপত্তার জন্য র্যাবের ২৪ ঘণ্টা টহল কার্যক্রম এবং সাদা পোশাকে র্যাব সদস্যদের নজরদারীও অব্যাহত রয়েছে।
এক তথ্য বিবরণীতে র্যাব-৯ জানিয়েছে, জনসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সাপোর্ট সেন্টারের কার্যক্রমের সময় বৃদ্ধি করা হবে।