মহানগরীর যানজট নিরসনে সিসিক এসএমপি ও পরিবহন সংগঠনের সমন্বিত উদ্যোগ

প্রকাশিত April 20, 2022
মহানগরীর যানজট নিরসনে সিসিক এসএমপি ও পরিবহন সংগঠনের সমন্বিত উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট মহানগরীর যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মহানগর পুলিশ-এসএমপি ও সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠন সমন্বিত উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার নগরভবনে সিসিকের আহবানে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমলে ক্রেতা-বিক্রেতার যাতায়াত নির্বিঘ্ন করতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিশেষ পদক্ষেপ বাস্তবায়নে সিসিক, এসএমপি ও সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠন সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সমন্বিতভাবে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ বুধবার, ২০ এপ্রিল থেকেই ধাপে ধাপে বাস্তবায়নে ঐকমত্য হয়।
বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, সিসিক ও এসএমপির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, এসএমপির সহকারী পুলিশ কমিশনার এবিএম নায়হানুল বারী, পুলিশ পরির্দশক দেলোয়ার হোসেন খান, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো আব্দুল মুহিম, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্দ জাকারিয়া, জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক মো আজাদ মিয়া, জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো শাহাব উদ্দিন, সদর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো জামাল খান, সাধারণ সম্পাদক আফরুজ মিয়া, পরিবহন শ্রমিক নেতা বদরুল ইসলাম, কবির হোসেন, মো ইউসুফ আলী, কামরুল ইসলাম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মহানগরীর গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করা যাবে না।
ঈদের কেনাকাটায় আগত নাগরিকদের চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে সিসিক, পরিবহন মালিক-শ্রমিক ও এসএমপির স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করবে।
ঈদ উপলক্ষে আম্বরখানা থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত সড়কে কোন ধরনের যানবাহন স্ট্যান্ড বা দাড় করিয়ে যাত্রী উঠানো বা নামানো যাবেনা।
বাণিজ্যিক দিক থেকে বিবেচিত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে সড়কে কেউ কোন ধরনের যানবাহন পার্কিং করতে পারবে না। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী পয়েন্ট, চণ্ডিপুল পয়েন্ট, আম্বরখানা ও শিবগঞ্জ এলাকার সড়কসমূহে কোন ধরনের যানবাহন দাড় করিয়ে রাখা যাবে না।
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিলেট রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
জিন্দাবাজার ও সংলগ্ন এলাকায় ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে রিকশা চলাচলে নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। এ ব্যাপারে সিসিক কর্মীদেরকে এসএমপি বিশেষ সহযোগিতা করবে।
মহানগর এলাকায় অনুমোদনহীন ইজি বাইক, টমটম ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ধাকবে।
লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধে মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারি বাড়ানো হবে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি