‘ইমজা-রাজীব দেব মান্না ফেলোশিপ ২০২১’ পেলেন আলমগীর

প্রকাশিত January 20, 2021
‘ইমজা-রাজীব দেব মান্না ফেলোশিপ ২০২১’ পেলেন আলমগীর

সিলেটের গণমাধ্যম ও নাট্যাঙ্গনের বহুমুখী প্রতিভা অকাল প্রয়াত রাজীব দেব মান্নার নামে প্রবর্তিত ‘ইমজা-রাজীব দেব মান্না ফেলোশিপ ২০২১’ প্রদান করা হয়েছে। প্রথমবার এই ফেলোশিপ পেয়েছেন, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর। বুধবার বিকেলে ইমজা কার্যালয়ে এই জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মীর হাতে ফেলোশিপের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন-ইমজা সিলেট সংগঠনের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সহায়তায় এই ফেলোশিপ প্রবর্তন করেছে।
রাজীব দেব মান্নাকে স্মরণ ও ফেলোশিপ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান। সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু ও সাংবাদিক আব্দুর রশীদ রেনু। স্মৃতিচারণ করেন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার ও ইক্বরা বাংলা টিভির ইনচার্জ কমলজিৎ শাওন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, অকাল প্রয়াত রাজীব দেব মান্না অল্প বয়সেই নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। কাজ শেখা এবং শেখানোর ক্ষেত্রে তার মধ্যে অসাধারণ প্রতিভা ছিল, মৃত্যু যা কেড়ে নিয়েছে; কিন্তু তার সহকর্মীরা তাকে এখনো মনে রেখেছেন। এতে প্রমাণিত হয়, সহকর্মী হিসেবে তিনি কতটা অনুকরণীয় ছিলেন।
সম্পর্কের সুতোকে আরো সুদৃঢ় করার উদ্যোগের জন্য ইমজা ও আ স ম মাসুমকে তিনি ধন্যবাদ জানান।
ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু বলেন, গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে সহায়ক হবে এই ফেলোশিপ। এরজন্যে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।
আব্দুর রশীদ রেনু বলেন, কাজের মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন তেমন প্রয়োজন নিখুঁত কাজ। এই দু’টি ক্ষেত্রেই রাজীব দেব মান্নার ছিল অনন্য দক্ষতা। অল্পদিনের জীবন পেলেও তার মধ্যে ছিল অসামান্য দ্যুতি। তার নামে প্রবর্তিত ফেলোশিপের মাধ্যমে ক্যামেরাপার্সনসহ গণমাধ্যমের ‘টেকনিক্যাল হ্যান্ড’ হিসেবে কর্মরত সকল কর্মী উৎসাহিত হবে।
সভাপতির বক্তব্যে ইমজার ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই ফেলোশিপের উদ্যোক্তা আ স ম মাসুমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি দ্বিগেন সিংহ, ইক্বরা বাংলা টিভির আহমাদ সেলিম, চ্যানেল টুয়েন্টিফোরের গোলজার আহমদ, নিউজ টুয়েন্টিফোরের সৈয়দ রাসেল, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, ইক্বরা টিভির আবু তাহের নাজিম, যমুনা টিভির নিরানন্দ পাল, এটিএন নিউজের অনিল পাল, নিউজটুয়েন্টিফোরের শফি আহমদ, যমুনা টিভির শাকিল আহমদ সোহাগ, ডিবিসি নিউজের হাসান শিকদার সেলিম প্রমুখ।
উল্লেখ্য, এবার প্রথমবারের মতো ইমজা-রাজীব দেব মান্না ফেলোশিপে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিবছর ২০ জানুয়ারি এই ফেলোশিপ প্রদান করা হবে।