ইউরোপে সিলেটের শিল্পী দম্পতি সহ ১১ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশিত September 23, 2016
ইউরোপে সিলেটের শিল্পী দম্পতি সহ ১১ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

ইউরোপের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে বাংলাদেশের ১১ জন তরুণ শিল্পীর নান্দনিক শিল্পকর্মের প্রদর্শনী। শুরু হয়েছে ৯ই সেপ্টেম্বর। চলবে ১৫ই অক্টোবর পর্যন্ত।
‘ইউ ক্যান নট ক্রস দ্য সি, বাই মেয়ারলি সিয়িং এট দ্য ওয়েভস’ শিরোনামের প্রদর্শনীতে সিলেটের এক শিল্পী দম্পতিরও নান্দনিক শিল্পকর্ম স্থান পেয়েছে। সিলেটের টুলটিকর এলাকার হাবিবুর রহমানের নাতি মার্কিন প্রবাসী মোহাম্মদ লুৎফুর রহমান ও সাজিয়া রহমানের জ্যেষ্ঠপুত্র নাবিল রহমান ও তার স্ত্রী আয়েশা সুলতানার একাধিক শিল্পকর্ম প্রদর্শনীকে আকর্ষণীয় করে তুলেছে।
প্রদর্শনীতে আছে সোনালি রঙের একটি শিল্পকর্ম। স্রেফ একটা মামুলি পর্দার মতো দেয়ালে ঝুলছে। প্রথম দেখায় হয়তো সোনালী রংটাই চোখে পড়বে। পরে মনে হবে এটা খুব চেনা। আদতে বাংলাদেশের বহুল প্রচলিত আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট থেকে তৈরি এটি। এর শিল্পী নাবিল রহমান। ‘ফয়েলগুলো কায়দা করে পেছন দিয়ে টেপ দিয়ে আটকানো। সিগারেটের এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটা আমাদের ঔপনিবেশিক অতীতের কথা মনে করিয়ে দেবে। আর সোনালী রংটা ইম্পেরিয়ালিজমের প্রতীক বলতে পারেন।’ তরুণ শিল্পী নাবিল রহমান তার শিল্পকর্ম নিয়ে এভাবেই ব্যাখ্যা করলেন।
দম্পতিশিল্পী নাবিল রহমান ও আয়েশা সুলতানা সহ অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন মোস্তফা জামান, মুনেম ওয়াসিফ, সুমন আহমেদ, রফিকুল শুভ, এহসানুল করিম, মারজিয়া ফারহানা, শওকত হোসেন, রিনি মিত্র ও ঈশিতা মিত্র। ক্রিনজিনগার প্রজেক্টের এই উদ্যোগে সহায়তা করেছে সামদানী আর্ট ফাউন্ডেশন।
উদ্বোধন উপলক্ষে অস্ট্রিয়া গিয়েছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রাজীব সামদানী। তিনি বলেন, ‘ঢাকা আর্ট সামিট কোন বিচ্ছিন্ন ব্যাপার নয়। এটা একটা ধারাবাহিকতা। আমি শুরু থেকেই বলেছি আমাদের তরুণেরা বাইরের দুনিয়াকে দারুণ কিছু দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ইউরোপে বাংলাদেশের ১১ জন শিল্পীর একসঙ্গে প্রদর্শনী আমি মনে করি খুবই বড় একটা ঘটনা। আমাদের দেশে সম্ভাবনাময় শিল্পীদের সংখ্যা অনেক। উদ্বোধনী প্রদর্শনীতে প্রচুর মানুষ এসেছেন। ভিয়েনার অভিজ্ঞতাটা ছিল সব মিলিয়ে অসাধারণ।’
বাংলাদেশের শিল্পীদের এই কাজের কিউরেটর ডায়ানা ক্যাম্পবেল ব্যাটেনকোর্ট। তিনি ছিলেন গত ফেব্রুয়ারিতে আয়োজিত ঢাকা আর্ট সামিটের প্রধান কিউরেটর। মার্কিন এই কিউরেটর দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করছেন ৫ বছরের বেশি সময় ধরে। ২০১৪ সালেও ঢাকা আর্ট সামিটের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সামদানী আর্ট ফাউন্ডেশনের নিয়মিত প্রদর্শনী ও এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর পাশাপাশি তিনি সিলেটে সামদানীর একটি স্থায়ী সংগ্রহশালা গড়ে তোলার জন্য কাজ করে চলেছেন।
শিল্পী নাবিল রহমান গণমানুষের কবি দিলওয়ারেরর নাতি এবং একজন সম্ভভাবনাময় কবি। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এম আর আখতার মুকুলের ভাগ্নি আয়েশা সুলতানা আর্ট ও ফটোগ্রাফির শিক্ষক।